সামরিক নয়, অর্থনৈতিক চাপে ভেনেজুয়েলাকে কোণঠাসা করতে চায় যুক্তরাষ্ট্র

0
সামরিক নয়, অর্থনৈতিক চাপে ভেনেজুয়েলাকে কোণঠাসা করতে চায় যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার জ্বালানি তেলের ওপর অন্তত দুই মাসের জন্য কঠোর অবরোধ আরোপের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে। এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট, আপাতত সামরিক হামলার চেয়ে অর্থনৈতিক চাপ বাড়ানোর পথেই হাঁটছে ওয়াশিংটন।

ওই কর্মকর্তা জানান, ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পথ পুরোপুরি বন্ধ হয়নি। তবে যুক্তরাষ্ট্রের প্রধান কৌশল এখন নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে দেশটির অর্থনীতিকে চাপে রাখা। এরই মধ্যে এই চাপ ভেনেজুয়েলার ওপর বড় প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না এলে জানুয়ারির শেষ নাগাদ দেশটি মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যদিও ক্যারিবীয় সাগরে ব্যাপক সেনা মোতায়েন করা হয়েছে, তবু ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য এখনো প্রকাশ করেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি একাধিকবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি ট্রাম্প বলেছেন, মাদুরোর জন্য পদত্যাগ করাই হবে সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত।

ক্যারিবীয় সাগরে সেনা মোতায়েনের ব্যাখ্যায় ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। এ অভিযোগের ভিত্তিতে মার্কিন বাহিনী কয়েক মাস ধরে মাদকবাহী সন্দেহে নৌযানে অভিযান চালাচ্ছে। যদিও বিভিন্ন দেশ এসব অভিযানে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ তুলেছে। ভেনেজুয়েলার ভেতরে মাদক সংশ্লিষ্ট স্থাপনায় হামলার হুমকিও দিয়েছেন ট্রাম্প।

এদিকে, ভেনেজুয়েলার তেলবাহী দুটি ট্যাংকার ইতোমধ্যে মার্কিন কোস্টগার্ড জব্দ করেছে। একটি তৃতীয় ট্যাংকার জব্দের প্রস্তুতিও চলছে। জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাদা বলেছেন, প্রকৃত হুমকি ভেনেজুয়েলা নয়, বরং যুক্তরাষ্ট্রের বর্তমান নীতিই বিশ্ব শান্তির জন্য উদ্বেগজনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here