সাভার-আশুলিয়ায় আলোচনার শীর্ষে বিএনপি ও জামায়াত প্রার্থী

0

আখতার রাফি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) এই ঘোষণার মধ্যদিয়ে দেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ট্রেন চলা শুরু হয়েছে। দেশের সবকটি নির্বাচনি এলাকার মতো ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে চলছে প্রচার প্রচারণা। এই আসনে মূলত এবার মুখোমুখি হয়েছেন সাবেক সংসদ সদস্য, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রাথী মাওলানা মোঃ আফজাল হোসাইন। এনসিপি সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্তকে এই আসনে প্রার্থী করেছে। এছাড়া আরো কয়েকটি রাজনৈতিক দল এই আসনে প্রার্থী মনোনয়ন দিলেও তারা এখনো আলোচনায় ঝড় তুলতে পারেননি। ভোটারদের কাছে ডাঃ সালাউদ্দিনের পর এবার আফজাল হোসাইনের নাম নতুন করে পরিচিতি পেয়েছে। সালাউদ্দিনের বাড়ি ইয়ারপুর ইউনিয়নে, আফজালের বাড়ি শিমুলিয়া ইউনিয়নে। আগে বিএনপি-জামায়াতের প্রার্থীরা কখনো এভাবে মুখোমুখি শক্ত অবস্থানে ছিলেন না। তখন বিএনপি প্রার্থীর সঙ্গে মুখোমুখি ছিলেন আওয়ামী লীগের প্রার্থী।

জামায়াত প্রার্থী ঘোষণার পর আফজাল হোসাইন নেতাকর্মীদের নিয়ে পৌর এলাকাসহ সংশ্লিষ্ট সবকটি ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও উঠোন বৈঠক করছেন পুরোদমে। বিএনপি প্রার্থী ঘোষণা করলে দলীয় কোন্দল মিটিয়ে গ্রামের পাড়া মহল্লায় ব্যস্ততা বাড়িয়েছেন সালাউদ্দিন। দলের প্রধান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় দোয়া মাহফিলের মধ্যদিয়ে চলছে কৌশলী নির্বাচনি প্রচারণা। এছাড়া লিফলেট বিতরণ করা হচ্ছে ভোটারদের কাছে। সালাউদ্দিন নিজে এবং নেতাকর্মীরা পালাক্রমে কর্মসূচি পালন করছেন।

এই আসনটি এক সময়ে বিএনপি দূর্গ হিসাবে পরিচিত হলেও মাঝে ছন্দপতন হয়েছে। এবারো বিএনপি এই আসনে জয়ের ব্যাপারে আশাবাদি। তবে জামায়াত কোন হিসাব মিলিয়ে অঙ্ক কষছেন তা স্পষ্ট হতে সময় লাগবে। যদিও পূর্বে এই আসনে জামায়াতের ভোটের যে হিসাবে রয়েছে তা এখনো পরিষ্কার নয়। সেই হিসাব সময় পরিক্রমায় কতোটা বেড়েছে বিএনপিও তা নিয়ে যোগ-বিয়োগ করছে। শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীক রাজনীতিতে জামায়াতের ভোট ব্যাঙ্ক কতোটা শক্ত হয়েছে এর উত্তর খুঁজছেন বিএনপি নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here