সাভারে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবি

0
সাভারে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবি

জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা ও শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ বেশকিছু দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন।

শুক্রবার মহান মে দিবস উপলক্ষ্যে সাভারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলটি আরিচা-মহাসড়ক প্রদক্ষিণ শেষে ধসে পড়া রানা প্লাজার সামনে শ্রমিক সমাবেশে মিলিত হয়। 

এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন, সভা পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলাম। এ সময় বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

রফিকুল ইসলাম সুজন বলেন, শ্রমিক ছাঁটাই-নির্যাতন, মামলা-হামলা বন্ধ করে ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল ও সব বন্ধ কারখানা চালু করতে হবে। গার্মেন্টসসহ সব শিল্প কারখানায় রেশনিং চালু, জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, ইপিজেড শ্রমিকদের শ্রম আইনের আওতায় এনে সব কারখানায় ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে। আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ বাস্তবায়ন এবং ১০২, ১২১, ১৮৯ ও ১৯০ অনুস্বাক্ষরের দাবি জানান। 

ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলাম বলেন, মামলা-হামলা করে শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। নারী শ্রমিকদের জন্য ছয় মাসের মাতৃকল্যাণ ছুটির আইন পাস, নারী ও শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। শ্রমিকের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শ্রম আদালতে ১৫০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি ও ১৫ শতাংশ ইনক্রিমেন্টসহ শ্রম কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে ১৮ দফা চুক্তি কার্যকর করতে হবে। রানা প্লাজা, তাজরীন ফ্যাশনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি, আহতদের সুচিকিৎসা, আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ও ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারকে পুনর্বাসনের দাবি জানান।

অনুষ্ঠানের প্রধান সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, রানা প্লাজার শ্রমিকদের কল্যাণে সরকার কাজ করছে। শিগগিরিই ভালো খবর পাবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মো. আবু কালাম, জাহাঙ্গীর হোসেন, এস কে শুভ, রাশিদা আক্তার, বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতা আলী আকবর, মশিউর রহমান ইমরানসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here