সাভারের শিমুলিয়ায় গণসংযোগ করেছেন ঢাকা – ১৯ সংসদীয় আসনের ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলের

0

আখতার রাফি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা – ১৯ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন ১১ দলীয় জোটের এমপি প্রার্থী দিলশানা পারুল। আজ রবিবার ০৮/০২/২০২৬ সকাল থেকে তিনি সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ৬ ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দ্বারে দ্বারে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন।
সকাল থেকেই স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দিলশানা পারুল শিমুলিয়া ইউনিয়নের পাড়া-মহল্লা, অলিগলি, বাজার ও জনবসতিপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি ভোটারদের খোঁজখবর নেন, এলাকার সমস্যা শোনেন এবং আগামী দিনে ঢাকা–১৯ আসনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
গণসংযোগকালে দিলশানা পারুল বলেন, ঢাকা – ১৯ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে এই এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত করে একটি নিরাপদ ও উন্নত জনপদ গড়ে তুলবো। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে আমার প্রধান অগ্রাধিকার।
তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতার নয়, এটি মানুষের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের জন্য কাজ করাই আমার রাজনীতি।
গণসংযোগের সময় স্থানীয় বাসিন্দারা তাদের দৈনন্দিন সমস্যা—রাস্তাঘাটের বেহাল দশা, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সংকট, বেকারত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন। দিলশানা পারুল এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১১ দলীয় জোটের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবক ও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেক ভোটার দিলশানা পারুলের সঙ্গে করমর্দন করে সমর্থন জানান এবং আসন্ন নির্বাচনে তাকে ভোট দেওয়ার আশ্বাস দেন।
স্থানীয় এক ভোটার বলেন,
“আমরা এমন একজন প্রার্থী চাই, যিনি আমাদের কথা শুনবেন এবং এলাকায় শান্তি ও উন্নয়ন আনবেন। দিলশানা পারুল মানুষের কাছে এসে কথা বলছেন—এটাই তার বড় গুণ।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা–১৯ আসনে রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে। এরই অংশ হিসেবে ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুল নিয়মিত গণসংযোগ, সভা ও মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।
শেষ পর্যন্ত তিনি বলেন, আপনাদের দোয়া ও সমর্থনই আমার শক্তি। এই আসনকে একটি আদর্শ সংসদীয় আসনে রূপান্তর করতে আমি আপনাদের পাশে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here