‘সাইলেন্ট এক্সপেল’ অনুচ্ছেদ বাতিল করে ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তি

0
‘সাইলেন্ট এক্সপেল’ অনুচ্ছেদ বাতিল করে ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা পরিচালনা সংক্রান্ত ‘নীরব বহিষ্কার’ অনুচ্ছেদ বাতিল করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

শনিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০২৬-এর অনুচ্ছেদ নম্বর ২৯ এতদ্বারা বাতিল করা হলো।

বাতিল হওয়া ২৯ নম্বর অনুচ্ছেদে উল্লেখ ছিল ‘কোনো পরীক্ষার্থীকে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ্যে বহিষ্কার করলে যদি আইন শৃঙ্খলার অবনতি হবার আশংকা থাকে অথবা কক্ষ প্রত্যবেক্ষকসহ পরীক্ষা সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা/কর্মচারীর নিরাপত্তা বিঘ্নিত হবার সম্ভাবনা থাকে; কেবলমাত্র সেই ক্ষেত্রেই নীরব বহিষ্কার করা যাবে।’

বোর্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে অনুচ্ছেদটি বাতিল বলে গণ্য হবে।

এর আগে, শনিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই প্রথাটিকে স্বচ্ছ প্রক্রিয়ার পরিপন্থী ও আইনবিরুদ্ধ হিসেবে অভিহিত করে তা অবিলম্বে রহিত করার নির্দেশনা দেন। মন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতেই ঢাকা শিক্ষা বোর্ড আজ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করল।

এর ফলে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ বা সাইলেন্ট এক্সপেল-এর আর কোনো সুযোগ থাকছে না।

আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সভায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here