নওগাঁর ভূমিহীন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আন্দোলনের নেতা আলফ্রেড সরেনের আত্মদানের কাহিনি নিয়ে নাটকের দল আরণ্যক শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করলো দলটির দর্শকনন্দিত নাটক “রাঢ়াঙ”।
সোমবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি।
মামুনুর রশীদের রচনা ও নির্দেশনার নাটকটিতে সাঁওতাল সম্প্রদায়ের ভূমি অধিকার, সংগ্রাম এবং আলফ্রেড সরেন হত্যার নির্মম বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে। এটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে লেখা অন্যতম প্রথম নাটক। সাঁওতালদের ভূমির লড়াই তাদের ওপর হওয়া অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান নিয়ে রচিত হয়েছে এটি।
রাঢ়াঙ শুধুমাত্র একটি নাটক নয়, এটি প্রান্তিক মানুষের অধিকার আদায়ের এক জোরালো প্রতিবাদ। এটি সাধারণ মানুষকে সাঁওতালদের সংস্কৃতি এবং তাদের ওপর হওয়া অন্যায়ের বিষয়ে সচেতন করে।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দলের নিয়মিত শিল্পীরা।

