তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নাটকীয়তা আরও বেড়েছে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই ১০৮ আসনে জয় পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এখনো সরকার গঠন করতে পারেননি অভিনেতা-রাজনীতিবিদ থালাপতি বিজয়। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ বিধায়কের সমর্থন। কংগ্রেসের সমর্থন নিয়ে এখন পর্যন্ত ১১২ জন বিধায়কের সমর্থন জোগাড় করতে পেরেছে তার দল টিভিকে।
এর আগে ১১২ জন বিধায়কের সমর্থনপত্র নিয়ে গভর্নরের সঙ্গে দেখা করেন থালাপতি বিজয়। তবে গভর্নর তাকে ১১৮ জন বিধায়কের সমর্থনের প্রমাণ দেখাতে বলেন।
সর্বশেষ আজ বিধানসভায় আস্থা ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে প্রস্তুত থাকার কথা গভর্নরকে জানিয়েছে টিভিকে। এর পরই তামিলনাড়ুর লোক ভবনে গিয়ে গভর্নরের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন থালাপতি বিজয়।

