সরকারের হস্তক্ষেপে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা

0
সরকারের হস্তক্ষেপে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত বোর্ড ভেঙে গঠন করা হয়েছে এডহক কমিটি। বিসিবির মতো একই ঘটনা ঘটতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে (এসএলসি)।

গতকাল মঙ্গলবার এক বিশেষ বৈঠকে বসেছিলেন এসএলসির সমালোচিত সভাপতি শাম্মি সিলভা এবং তার নির্বাহী কমিটির সকল সদস্যরা। প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠকের পর সভাপতিসহ সকল সদস্যরা পদত্যাগ করেন। বোর্ডের এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

আজ বুধবার তাদের পদত্যাগপত্র ক্রীড়া মন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে জমা দেওয়া হবে বলেও খবরে জানানো হয়েছে। তবে বৈঠক শেষে কমিটির সদস্যরা বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খোলেননি। ফলে এসএলসিতে নতুন প্রশাসন কীভাবে গঠিত হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি।

এসএলসি কর্তারা পদত্যাগ করলেও সেটা অনেকটাই তাদের পদত্যাগ করতে বাধ্য করেছে দেশটির সরকার। কারণ অনেক দিন ধরেই বোর্ডের বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। ফলে এবার বোর্ডকে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য করেছে দেশটির সরকার। শাম্মি ডি সিলভার নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়ে এক সপ্তাহের মধ্যেই অন্তর্বর্তীকালীন কমিটি গঠনেরও ইঙ্গিত দিয়েছিল। সরকারের এমন ইঙ্গিতের পরই পদত্যাগ করেছে শাম্মির নেতৃত্বাধীন কমিটি।

এ নিয়ে টানা চার মেয়াদে লঙ্কান ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেছেন শাম্মি সিলভা, এরমধ্যে তিনবারই তিনি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ফলে এসব নির্বাচন নিয়ে সমালোচনা হচ্ছে অনেক। এ ছাড়া বোর্ড পরিচালনায়ও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here