সরকারি ১১ কলেজে ১৪৬১টি অস্থায়ী পদ সৃষ্টির প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের

0
সরকারি ১১ কলেজে ১৪৬১টি অস্থায়ী পদ সৃষ্টির প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের

সরকারি ১১ কলেজে ১ হাজার ৪৬১টি অস্থায়ী পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রস্তাবিত মোট ১ হাজার ৪৬১টি পদের মধ্যে রয়েছে অধ্যাপকের ২৫৫টি, সহযোগী অধ্যাপকের ২১৩টি, সহকারী অধ্যাপকের ৪৫৮টি ও প্রভাষকের ৫৩৫টি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৫ শাখার সিনিয়র থেকে এক পত্রের মাধ্যমে অর্থ সচিবকে পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদনের জন্য এই অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, সারা দেশে মোট ৯১টি সরকারি কলেজের নতুন পদ সৃষ্টির প্রস্তাব রয়েছে। প্রাথমিকভাবে ১১টি সরকারি কলেজের এ প্রস্তাব অনুমোদন হলে শিগগিরই এসব পদে নিয়োগের জন্য কার্যক্রম শুরু করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, অর্থ বিভাগ থেকে ১১টি সরকারি কলেজের অধ্যাপকের ২৫৫টি পদ, সহযোগী অধ্যাপকের ২১৩টি পদ, সহকারী অধ্যাপকের ৪৫৮টি পদ ও প্রভাষকের ৫৩৫টি পদসহ মোট ১৪৬১টি পদ রাজস্বখাতে অস্থায়ীভাবে পদ সৃষ্টির প্রস্তাবের মধ্যে ৩টি কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত রয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রস্তাবিত সরকারি ১১টি কলেজের মধ্যে ৩টি কলেজ (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ) বাদ দিয়ে অবশিষ্ট ৮টি কলেজের পদ সৃষ্টির প্রস্তাব পুনরায় পাঠানোর জন্য অনুরোধ করা হয়।

অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের চাহিদার প্রেক্ষিতে বর্ণিত বিষয়ে মতামত প্রদানের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে অনুরোধ করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়, ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি সরকার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬ জারি করেছে।

জারিকৃত অধ্যাদেশের ধারা-৩ এ উল্লেখ করা হয়েছে, ‘ঢাকা মহানগরের ৭টি কলেজ (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজ হিসেবে থাকবে এবং সংযুক্ত কলেজসমূহের পরিচয়, বৈশিষ্ট্য, অবকাঠামো, স্থাবর-অস্থাবর সম্পত্তি ও অন্যান্য বিদ্যমান সুযোগ-সুবিধা অক্ষুণ্ন থাকবে।’ অর্থাৎ কলেজগুলো বর্তমান অবস্থায় জনবল, অবকাঠামোসহ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে সংযুক্ত হিসেবে পরিচালিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বিষয়টি পুনর্বিবেচনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here