গাজীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) এম. মনজুরুল করিম রনি বলেছেন, সড়ক ও মহাসড়কের জায়গা দখল করে দোকানপাট বসতে দেওয়া যাবে না। যানজট নিরসনে আজ থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার বিকালে টঙ্গী স্টেশন এলাকায় অভিযানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রথমে আমরা সতর্ক করে দিচ্ছি, এরপর উচ্ছেদ করা হবে। এরপরে যদি আবার কেউ অবৈধভাবে দোকান বসায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে হকারদের বসার জন্য একটি আলাদা ব্যবস্থা করা যায় কি না সে বিষয়েও চিন্তা করা হচ্ছে।
মনজুরুল করিম রনি বলেন, অনিবন্ধিত অটোরিকশা প্রধান সড়কে চলতে দেওয়া হবে না, যত্রতত্র স্থানে গাড়ি পার্কিং করা যাবে না। ঈদের পর থেকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সন্ত্রাসী-চাঁদাবাজি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মহিউদ্দীন আহমেদ, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, বিএনপি নেতা সালাউদ্দিনসহ অন্যরা।

