শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ভাঙ্গার তানসিভ জুবায়ের

0
শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ভাঙ্গার তানসিভ জুবায়ের

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম ‘শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছেন।

মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে জরুরি সেবা ক্যাটাগরিতে তাকে এ সম্মাননা দেওয়া হয়। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে এই পুরস্কার তুলে দেন।

তানসিভ জুবায়ের (৩৫) বর্তমানে ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার বাসিন্দা। তার পৈতৃক বাড়ি ভাঙ্গা পৌরশহরের কাপুড়িয়া সদরদী এলাকায়। তিনি ২০১৪ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন এবং ৩৫তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০১৭ সালের ২ মে সরকারি চাকরিতে যোগদান করেন।

২০২৪ সালের ২৮ অক্টোবর থেকে তিনি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে এক বছরের ব্যবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে রোগী বেড়েছে ১২ শতাংশ, অন্তঃবিভাগে ৫৯ শতাংশ, জরুরি বিভাগে ১৩৫ শতাংশ এবং স্বাভাবিক প্রসবের সংখ্যা বেড়েছে ৭৩ শতাংশ।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় তানসিভ জুবায়ের বলেন, “যে কোনো সম্মাননা কাজের গতি বাড়িয়ে দেয়। আমি বিশেষ কিছু করিনি, সীমিত সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করেছি। তবে এখানেই থেমে থাকলে হবে না, সামনে আরও ভালো কাজ করতে চাই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here