শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রফতানিমুখী শিল্প

0
শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রফতানিমুখী শিল্প

৮০ শতাংশ রফতানি করে—এমন সচল শিল্পপ্রতিষ্ঠানগুলোকে শ্রমিক-কর্মচারীদের ফেব্রুয়ারি ২০২৬ মাসের বেতন-ভাতা পরিশোধে সহজ শর্তে বিশেষ ঋণ সুবিধা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ মঙ্গলবার জারি করা সার্কুলার অনুযায়ী, এই ঋণের পরিমাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিগত তিন মাসে পরিশোধিত গড় বেতন-ভাতার সমান হবে।

নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপে রফতানি কমে যাওয়া, ক্রয়াদেশ পিছিয়ে যাওয়া ও তারল্য সংকটের কারণে অনেক রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে শ্রমিকদের বেতন পরিশোধে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে উৎপাদন ও রফতানির ধারাবাহিকতা বজায় রাখতে এই ঋণ সুবিধা চালু করা হয়েছে। 

তবে শর্ত রয়েছে ফেব্রুয়ারি ২০২৬ মাসের বেতন-ভাতা পরিশোধের জন্য চলতি মূলধন ঋণসীমার বাইরে মেয়াদি ঋণ দেওয়া যাবে।

ঋণের পরিমাণ গত তিন মাসে প্রদত্ত গড় বেতন-ভাতার বেশি হবে না। বাজারভিত্তিক প্রচলিত সুদহার প্রযোজ্য হবে। ঋণের অর্থ সরাসরি শ্রমিক-কর্মচারীদের ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবে পাঠাতে হবে।

ঋণ ৩ মাসের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১ বছরের মধ্যে সমান কিস্তিতে (মাসিক বা ত্রৈমাসিক) পরিশোধ করতে হবে।

নিয়মিত সুদ ছাড়া অতিরিক্ত কোনো সুদ, মুনাফা, ফি বা চার্জ আরোপ করা যাবে না।  তবে এসব শিল্প প্রতিষ্ঠান বিজিএমই-বিকেএমই দ্বারা প্রত্যয়নপত্রে সমর্থিত হতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here