সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন একটি খাল থেকে প্রায় ৩৩ লাখ টাকার ভারতীয় ফেনসিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে কোস্ট গার্ড।
সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে কোস্ট গার্ড। এর ধারাবাহিকতায় সোমবার রাত ১টার দিকে শ্যামনগর উপজেলার বড় হোগলডোরা খালসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কৈখালী স্টেশনের সদস্যরা ওই অভিযান পরিচালনা করেন। এ সময় খালসংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩১৯ বোতল ফেনসিডিল এবং বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ফেনসিডিল ও ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা।
জব্দ করা মাদক ও ওষুধের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

