শেষ ষোলোর আগে ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ

0
শেষ ষোলোর আগে ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লুকাস পাকেতার বাঁ ঊরুর পেছনের পেশীতে চোট ধরা পড়েছে। ফলে পরবর্তী নকআউট পর্বের ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।

জাপানের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের পরই খুঁড়িয়ে মাঠ ছাড়েন পাকেতা। ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। সেই সময় সতীর্থ নেইমার ও এন্দ্রিক তাকে সান্ত্বনা দেন। দ্বিতীয়ার্ধে তার বদলি হিসেবে মাঠে নামেন এন্দ্রিক।

মঙ্গলবার পাকেতার স্ক্যান করানো হলে বাঁ ঊরুর পেছনের পেশীতে আঘাতের বিষয়টি নিশ্চিত হয়। তবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময় জানায়নি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।

এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, মঙ্গলবারের ইমেজিং পরীক্ষায় লুকাস পাকেতার বাম ঊরুর পেছনের অংশে মাংসপেশীর আঘাত নিশ্চিত হয়েছে। জাতীয় দলের চিকিৎসক দলের তত্ত্বাবধানে তাকে নিবিড় চিকিৎসা দেওয়া হবে, যাতে যত দ্রুত সম্ভব মাঠে ফেরা যায়।

এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন পাকেতা। মাঝমাঠে তার উপস্থিতি দলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু ইনজুরির কারণে শেষ ষোলোর ম্যাচে সেই ভরসা থাকছে না।

এর আগে চোটের কারণে রাফিনহাকেও হারিয়েছে ব্রাজিল। এবার পাকেতার ছিটকে যাওয়ায় নকআউট পর্বের আগে কোচের দুশ্চিন্তা আরও বেড়ে গেল।

গ্রুপ পর্ব শেষে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। এখন নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here