শেরপুর সদর উপজেলায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ইমামবাড়ী চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই এলাকায় ‘আপন এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযুক্ত ব্যবসায়ী তোফায়েল আহমেদ গামাকে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ৪ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি। এ সময় প্রসিকিউশন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, শেরপুরের বিভিন্ন হাটবাজারে লাইসেন্সবিহীন অনেক দোকান গড়ে উঠেছে, যেখানে ক্ষতিকর প্রাণী খাদ্য ও ওষুধ বিক্রি হচ্ছে। এতে প্রান্তিক কৃষক ও খামারিরা প্রতারিত হচ্ছেন। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

