শেরপুরে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ সময় পুলিশ সুপার এ কে এম জাহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, উপকারভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সদর উপজেলার ২৩ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীর মধ্যে মোট ১ লাখ ৩ হাজার টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। এর মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১১ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে মোট ৩৩ হাজার টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৭ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ৫ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা প্রদান করা হয়।
এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের দুই নারীকে সেলাই মেশিন এবং তিন শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব। সরকারের এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে এবং স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

