বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা সংকটকে কেন্দ্র করে দুই নার্স ও এক ওয়ার্ড বয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত রোগীর ছেলে এনামুলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি অ্যান্ড অবজারবেশন ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আটক এনামুল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পূর্ব নলুয়া গ্রামের রাজ্জাক চৌকিদারের ছেলে।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সোয়েব জানান, এনামুলের মা স্ত্রী সেলিনা বেগম উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক তাকে ক্যাজুয়ালটি অ্যান্ড অবজারভেশন ওয়ার্ডে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে রোগীকে মহিলা মেডিসিন-৩ ইউনিটে পাঠানো হয়। তবে ওই ইউনিটে অতিরিক্ত রোগী থাকায় কোনো শয্যা খালি ছিল না। এ অবস্থায় রোগীর স্বজনরা সেখানে যেতে অনীহা প্রকাশ করেন। নিয়ম অনুযায়ী রোগীকে ইউনিটে নেয়ার চেষ্টা করলে তার উপর হামলা করে এনামুল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন সিনিয়র স্টাফ নার্স সেলিনা আক্তার ও ইন্টার্ন নার্স দোলা। তারাও এনামুলের হামলার শিকার হয়েছেন। পরে হাসপাতালের আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এনামুলকে আটক করেন এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

