শীতে মুখে ব্রণ–র‌্যাশে ভোগান পুরুষদেরও, যেভাবে পাবেন মুক্তি

0
শীতে মুখে ব্রণ–র‌্যাশে ভোগান পুরুষদেরও, যেভাবে পাবেন মুক্তি

শীতের শুষ্ক আবহাওয়া, ধুলোবালি ও দূষণের প্রভাবে ত্বকের স্বাভাবিক জেল্লা কমে যায়। একটু অবহেলা হলেই দেখা দেয় ব্রণ, র‌্যাশ, ত্বকে টান ধরা কিংবা দাড়ি কামানোর পর জ্বালাভাব। সাধারণভাবে ত্বকের যত্নকে নারীদের বিষয় হিসেবে দেখা হলেও বাস্তবে শীতকালে পুরুষদের ত্বকেও নানা সমস্যা দেখা দেয়। অথচ ত্বকচর্চা নিয়ে অনেকেই উদাসীন।

বর্তমানে বাজারে পুরুষদের জন্য আলাদা স্কিন কেয়ার পণ্য সহজলভ্য হলেও কোন সমস্যায় কীভাবে যত্ন নিতে হবে, তা জানা জরুরি। শীতে ত্বক সুস্থ ও মসৃণ রাখতে রইল কিছু কার্যকর পরামর্শ—

ব্রণের সমস্যা হলে

ধুলো-ধোঁয়ার মধ্যে বেশি সময় কাটালে বা বাইরে কাজ করতে হলে ব্রণের প্রবণতা বাড়ে। দিনে অন্তত দু’বার ঠান্ডা জলে মুখ ধোয়ার অভ্যাস করুন। স্যালিসাইলিক অ্যাসিড বা বেঞ্জয়েল পারঅক্সাইডযুক্ত ফেসওয়াশ বা জেল ব্যবহার করতে পারেন। ঘরোয়া উপায়ে হলুদ, মধু ও কাঁচা দুধ মিশিয়ে তৈরি প্যাক সপ্তাহে দুই–তিন দিন ব্যবহার করলে ব্রণ কমতে সাহায্য করে।

ত্বক খুব শুষ্ক হলে

কফি পাউডারের সঙ্গে কয়েক ফোঁটা পাতিলেবুর রস বা ঠান্ডা দুধ মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। ১০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এরপর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। দিনের বেলায় এই প্যাক ব্যবহার করলে বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন লাগানো জরুরি।

ত্বকে জ্বালা ও লালচে ভাব হলে

শীতকালে অনেকের মুখে জ্বালাভাব ও লালচে ভাব দেখা যায়। এ ক্ষেত্রে হায়ালুরোনিক অ্যাসিড, সেরামাইড বা ওটমিলযুক্ত ময়েশ্চারাইজার উপকারী। অ্যালকোহলযুক্ত প্রসাধনী এড়িয়ে চলুন। অতিরিক্ত গরম পানিতে গোসল করলে ত্বকের সমস্যা বাড়ে—ঈষদুষ্ণ জলই ভালো।

দাড়ি কামানোর পর ব্রণ বা জ্বালা হলে

শেভিংয়ের সময় উন্নত মানের শেভিং জেল ব্যবহার করুন এবং আলতো হাতে দাড়ি কাটুন। মুখ ধোয়ার পর পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে নিয়ে ক্যামোমাইল বা টি ট্রি অয়েলযুক্ত ময়েশ্চারাইজার লাগালে জ্বালা ও ব্রণের সমস্যা কমবে।

ত্বকের যত্ন কেবল সৌন্দর্যের জন্য নয়, সুস্থ থাকার জন্যও জরুরি। নিয়মিত ও সঠিক পরিচর্যায় শীতকালেও পুরুষদের ত্বক থাকতে পারে নরম, মসৃণ ও সতেজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here