শিক্ষার্থীদের মানসিক বিকাশে শিক্ষকদের এগিয়ে আসতে হবে: জাহাঙ্গীর আলম

0
শিক্ষার্থীদের মানসিক বিকাশে শিক্ষকদের এগিয়ে আসতে হবে: জাহাঙ্গীর আলম

শিক্ষার্থীদের মানসিক বিকাশে পাঠ্য বইয়ের পাশাপাশি সৃজনশীল ও উদ্ভাবনী কাজে সম্পৃক্ত হতে শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

বুধবার (১৫ এপ্রিল) উপজেলার সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধনের সময় তিনি এ আহ্বান জানান। স্থানীয় প্রশাসনের উদ্যাগে দুই দিন্যবাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম বলেন, আমরা বিজ্ঞান মেলা দেখি, কিন্তু বিজ্ঞানকে গভীরভাবে বোঝার চেষ্টা করি না। অথচ এই মেলাগুলোর ক্ষুদে বিজ্ঞানীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ দিলে তারা ভবিষ্যতে সমাজ ও দেশের জন্য বড় অবদান রাখতে সক্ষম হবে।

তিনি বলেন, নতুন প্রজন্ম প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে গেছে। তারা প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন করছে। এই প্রতিভাবান শিক্ষার্থীদের সঠিকভাবে পরিচর্যা ও দিকনির্দেশনা দিতে পারলে দেশ উন্নয়নের পথে আরও দ্রুত এগিয়ে যাবে।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করতে হবে। বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ তৈরি করতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। প্রতিটি শিক্ষার্থীর ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাকে খুঁজে বের করে তা বিকাশে সহায়তা করাই একজন শিক্ষকের প্রধান দায়িত্ব।

অনুষ্ঠানে তিনি ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের ৩২টি স্টল ঘুরে দেখেন এবং তাদের কাজের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের আহ্বান জানান তিনি।

এ সময় জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম.হাবিবুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় ও উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। পুরো আয়োজনটি উপস্থাপনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায়। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজ উদ্যোগ স্টলে অংশ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here