শিক্ষামন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ

0
শিক্ষামন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে যুক্তরাষ্ট্রের “বেস্ট ফিউচার জেনারেশন্স” বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

রবিবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ দূত চার্লস জে. হার্ডার বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও পুষ্টিহীনতার মতো সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশসহ বিশ্বব্যাপী কাজ করছে এবং ভবিষ্যতে ‘স্কুল মিল’ ও শিশুস্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, সারাদেশে ‘মিড-ডে মিল’ চালু, শিক্ষার্থীদের ইউনিফর্ম প্রদান এবং খেলার মাঠের ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কারিগরি শিক্ষার উৎকর্ষ বৃদ্ধি ও শিক্ষাকে আনন্দময় করতে বিদ্যালয়ে ক্রীড়া ও কৃষি শিক্ষক নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

মন্ত্রী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের ‘স্টুডেন্ট ভিসা’ প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। একই সঙ্গে ইংরেজি শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণ সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

বৈঠকে ভবিষ্যতে দুই দেশের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক খাতে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। প্রতিনিধিদল বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের প্রশংসা করেন।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here