শাহনাজ রহমতুল্লাহ, নীলুফার ইয়াসমিন, রাহিজা খানম ঝুনু ও উকিল মুন্সীকে স্মরণ

0
শাহনাজ রহমতুল্লাহ, নীলুফার ইয়াসমিন, রাহিজা খানম ঝুনু ও উকিল মুন্সীকে স্মরণ

শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালা।

গতকাল ছিল এই আয়োজনের নবম দিন। এদিনের আসরে একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে স্মরণ করা হয় জনপ্রিয় সংগীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহ, নীলুফার ইয়াসমিন, প্রখ্যাত নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনু ও সাধক উকিল মুন্সী এই চার মনীষীকে।

জনপ্রিয় সংগীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহর স্মরণ পর্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (অনুষ্ঠান অধিশাখা)  মাকসুদা খন্দকার। এতে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মেহফুজ আল ফাহাদ। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক এস এম শামীম আকতার।

বক্তারা জানান, শাহনাজ রহমতুল্লাহর গাওয়া অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। এরমধ্যে ‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘একবার যেতে দে না আমার’, ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’ এই ৩টি গান বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় স্থান পায়। 

আলোচনার পর এতে একক সংগীত পরিবেশন করেন শিমলা আক্তার ও মোনালীন আজাদ।

নীলুফার ইয়াসমিনকে নিয়ে স্মরণসভায় মুখ্য আলোচক ছিলেন তাঁরই সন্তান সংগীতশিল্পী রুমানা ইসলাম। আলোচনার পর সংগীত পরিবেশন করেন রুমানা ইসলাম ও সুচিত্রা রাণী সূত্রধর।  

প্রখ্যাত নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনুর স্মরণ পর্বে মুখ্য আলোচক ছিলেন শিল্পীর সন্তান নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী। আলোচনার পর গুণী এই নৃত্যশিল্পীকে নিয়ে সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস। 

দিনের শেষ অনুষ্ঠানে সাধক উকিল মুন্সীর স্মরণ পর্বে মুখ্য আলোচক ছিলেন সরকারি সংগীত কলেজের সহকারী অধ্যাপক ড. কমল খালিদ। সবশেষে প্রয়াত এই বাউল সাধককে নিয়ে সংগীত পরিবেশন করেন মৌসুমী ইকবাল, রোকসানা আক্তার রূপসা এবং এস এম শামীম আকতার। 

১০ দিনের এই আয়োজনে স্মরণ করা হয় ৪৫জন মনীষীকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here