অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুরের জালালপুর ইউনিয়ন পরিষদের (ই্উপি) চেয়ারম্যান সুলতান মাহমুদের অপসারণ দাবি করেছেন ইউনিয়ন পরিষদটির সদস্যরা।
শুক্রবার বেলা ১১টার দিকে জালালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বর সড়কে এক মানববন্ধনে এ দাবি করেন তারা। এ কর্মসূচিতে বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর আলম, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন, আইয়ুব আলী, শিপ্রা রানী, বিএনপি নেতা শহিদুল সরকারসহ অন্যরা।
বক্তারা বলেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জালালপুর ইউনিয়নের সাবেক সভাপতি ও নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান। তিনি একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ও হত্যা মামলার আসামি। তিনি পরিষদের বিভিন্ন প্রকল্পের অর্থ লুটপাট করেছেন। তার বিরুদ্ধে দুদকে মামলাও রয়েছে।
ইতোমধ্যে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ অপসারণের দাবিতে শাহজাদপুরের ইউএনওসহ সংশ্লিষ্ট দপ্তরে পরিষদের সব ইউপি সদস্যের সই করা দরখাস্ত দেওয়া হয়েছে। তারপরও কয়েকজন প্রভাবশালীর কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন বক্তারা। এ অবস্থায় বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে অপসারণের দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ দাবি করেন, ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। এসব অভিযোগের কোনো সত্যতা নেই।

