শাপলা চত্বর হত্যাকাণ্ডে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৮ জন নিহতের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিহতদের পরিচয়ও শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রসিকিউশন ৭ জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করার আশা করছে। পুরো তদন্তের কাজ শেষ হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে, শাপলা চত্বরের মামলায় গ্রেফতার আছেন ৬ জন। ৩০ জনের মতো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত কাজ চলমান আছে। যার শীর্ষে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ওপর তৎকালীন আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে। এতে ঘটা প্রাণহানির ঘটনা শাপলা চত্বর হত্যাকাণ্ড হিসেবে পরিচিত।

