‘শান্তকে আটকাতে সম্ভাব্য সবই করেছি, সে খুব ভালো খেলেছে’

0
‘শান্তকে আটকাতে সম্ভাব্য সবই করেছি, সে খুব ভালো খেলেছে’

মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিনটি নিজের করে নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

গতকাল শুক্রবার দুর্দান্ত ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন, ১৩০ বলেন করেন ১০১ রান। ম্যাচে শান্ত খেলছিলেন একেবারে ওয়ানডে মেজাজে। কোনোভাবেই শান্তকে আটকাতে পারছিলেন না বোলাররা। পাকিস্তানি ক্রিকেটারদের চোখেমুখে ছিল স্পষ্ট হতাশা। ঢাকা টেস্টের প্রথম দিন বাংলাদেশ অধিনায়ক যেন এসিড টেস্ট নিয়েছেন সফরকারীদের। 

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাসও স্বীকার করলেন, শান্তকে আটকানোর সব ধরনের চেষ্টা করেছেন তারা। শান্তকে কৃতিত্ব দিতে কোনো কার্পণ্য নেই পাকিস্তানের।

আব্বাস বলেন, ‘আমরা শান্তকে আটকাতে সম্ভাব্য সবই করেছি। ওকে কৃতিত্ব দিতে হবে। অনেক ভালো খেলেছে। আমি যখন বল করছিলাম, কিছু বল সে মিস করেছে। তবে সে খুব ভালো খেলেছে, কৃতিত্ব দিতেই হবে।’

একপর্যায়ে খেই হারিয়ে একের পর এক নো বল হতে থাকে পাকিস্তানের। তবে মুখে অবশ্য আব্বাস দাবি করলেন, হতাশ হননি তারা।

তিনি জানান, ‘হতাশাজনক বলব না। আমরা চেষ্টা করেছি। কিছু জায়গায় ভালো করতে পারিনি আমরা, কিছু সময় ভালো করেছি। একইসাথে আমরা দুর্ভাগ্য। পিচ খুব ভালো। আমাদের হাতে কাল নতুন বল আছে। যত দ্রুত সম্ভব ওদের অলআউট করে দিতে চাই।’

এদিকে ফর্মে থাকা ব্যাটার বাবর আজমকে ছাড়াই এই ম্যাচ খেলছে পাকিস্তান। আব্বাস বলেন, ‘বাবরের না থাকা অবশ্যই বড় ক্ষতি। তবে অন্য যারা আছে তারাও সামর্থ্যবান।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here