শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে নিউইয়র্কে দোয়া মাহফিল

0
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে নিউইয়র্কে দোয়া মাহফিল

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে সর্বদলীয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র ব্যানারে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট সংলগ্ন নবান্ন রেস্টুরেন্টের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও এনওয়াই হোম কেয়ারের চেয়ারম্যান এম আজিজ। এ সময় উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ও আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যাটর্নি মঈন চৌধুরী, বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, যুবদলের কেন্দ্রীয় নেতা আবু সাঈদ আহমেদ ও এম এ বাতিন, যুক্তরাষ্ট্র বিএনপির কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, সিনিয়র সদস্য এম এ সবুর, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা মাহমুদা শিরিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গুড শেফার্ড হোম কেয়ারের সিইও গিয়াস আহমেদ। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে ‘তোমার কীর্তির চেয়ে তুমি মহান’ শীর্ষক ব্যানারের সামনে উপস্থিত প্রবাসীদের মধ্যে জায়নামাজ বিতরণ করা হয়। এছাড়া হাজারো মানুষের মধ্যে তবারক পরিবেশন করা হয়। 

আয়োজকরা জানান, এক দশকেরও বেশি সময় ধরে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ ধরনের দোয়া মাহফিল ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়ে আসছে।

এদিকে শাহাদাতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক সিটির ডাইভার্সিটি প্লাজা, ব্রঙ্কস, ব্রুকলিন ও ওজোন পার্ক ছাড়াও নিউজার্সি, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, মিশিগান, টেক্সাস ও কানেকটিকাটসহ যুক্তরাষ্ট্রের অর্ধশতাধিক স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here