ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে হিজবুল্লাহ এবং অন্যান্য ফ্রন্টে হামলা চালানোর কোনো অধিকার ইসরায়েলের নেই। শক্তিশালী কূটনীতির কারণেই ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। পেজেশকিয়ান স্পষ্ট করে বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র চায়নি এবং তারা এই অঞ্চলে কোনো ধরনের অস্থিরতা বা সন্ত্রাসবাদের বিস্তারও চায় না। তেহরান আইনি কাঠামোর মধ্যে থেকে এবং মর্যাদার সাথে নিজেদের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তিনি জোর দিয়ে বলেন, ইরান নিজেদের নীতি ও অবস্থানের প্রতি সর্বদা অবিচল থাকবে এবং অপর পক্ষকে অবশ্যই এটি বুঝতে হবে। সামরিক কমান্ডার, রাজনীতিবিদ, বিজ্ঞানী এবং শিক্ষার্থীদের গুপ্তহত্যার মাধ্যমে ইরানকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি দায়ী।
সূত্র : আল-জাজিরা।

