আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও মঙ্গলবার দক্ষিণ লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবানিজ কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, টায়ার শহরের নিকটবর্তী মাজদাল জোনের একটি ভবনে চালানো প্রাথমিক হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হন। পরবর্তীতে উদ্ধারকাজ চলাকালীন একই স্থানে দ্বিতীয় দফা হামলায় তিন সিভিল ডিফেন্স কর্মী প্রাণ হারান, যারা আগের হামলায় আহতদের সহায়তা করছিলেন।
লেবাননের সেনাবাহিনী ও সিভিল ডিফেন্স নিশ্চিত করেছে যে, দ্বিতীয় দফা ওই হামলায় সেনাবাহিনীর দুই সদস্যও আহত হয়েছেন।
লেবানিজ প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ত্রাণ ও জরুরি সেবা কর্মীদের লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার অংশ এটি। এ ছাড়া পৃথক হামলায় দক্ষিণ লেবাননের তিবনিন ও শাকরা শহরে দুজন এবং জুয়ায়া শহরে এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার সামরিক বাহিনীর উদ্দেশে দেওয়া এক ভাষণে সাফ জানিয়ে দিয়েছেন, লেবাননের সঙ্গে হওয়া চুক্তির শর্তানুসারে ইসরায়েলের যেকোনো হুমকির বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। তিনি দাবি করেন, এই ‘অ্যাকশন’ বা ব্যবস্থা গ্রহণের স্বাধীনতা যুক্তরাষ্ট্র ও লেবানন সরকারের সঙ্গে হওয়া চুক্তিরই অংশ।
এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সোমবার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে এ পর্যন্ত দেশটিতে অন্তত ২,৫২১ জন নিহত এবং ৭,৮০০-এর বেশি মানুষ আহত হয়েছেন।
সূত্র: সিএনএন

