কুমিল্লার লাকসামে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে পৌরসদরের দৌলতগঞ্জ বাজার এলাকায় ‘মেসার্স সাথী অয়েল’ নামক প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করে।
জেলা এনএসআই, কুমিল্লা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের আগে এনএসআইয়ের একটি টিম গোপন নজরদারির মাধ্যমে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির বিষয়টি নিশ্চিত করে। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, প্রতিষ্ঠানটি প্রতি লিটার জ্বালানি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি করছিল, যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. হারুনুর রশিদ দাবি করেন, তার কাছে ২ হাজার ৫০০ লিটার জ্বালানি মজুদের লাইসেন্স রয়েছে। তবে তিনি তাৎক্ষণিকভাবে লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হন। পরে তিনি আগামী ১৯ এপ্রিল উপজেলা কার্যালয়ে লাইসেন্স উপস্থাপনের প্রতিশ্রুতি দেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটি সিলগালা করা হবে এবং আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান শেষে প্রতিষ্ঠানটিতে মজুদ থাকা জ্বালানি সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

