২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্মরণকালের অন্যতম ঐতিহাসিক ও মানবিক বাজেট হিসেবে অভিহিত করেছেন সরকারি দলের সংসদ সদস্য (এমপি) আমান উল্লাহ আমান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ প্রবাসজীবনের অভিজ্ঞতা ও লন্ডনের শিক্ষা ব্যবস্থার আদলে এবারের বাজেটে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
পাঁচবারের নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, ১৯৯১ সাল থেকে তিনি বহু বাজেট দেখেছেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যে বাজেট উপস্থাপন করেছেন, তা অতীতে দেখা যায়নি। তার ভাষায়, এটি একটি মানবিক, দরিদ্রবান্ধব ও জনকল্যাণমুখী বাজেট।
শিক্ষাখাতে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রশংসা করে আমান বলেন, লন্ডনের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ব্যাগ, জুতা, পোশাক ও মধ্যাহ্নভোজের যে ব্যবস্থা রয়েছে, সেই আদলে দেশের শিক্ষার্থীদের জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দীর্ঘ ১৮ বছরের বিদেশজীবনের অভিজ্ঞতার প্রতিফলন এই বাজেটে ফুটে উঠেছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানোর সিদ্ধান্তকে সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক উল্লেখ করে তিনি বলেন, চাল, ডাল, আটা, তেল ও লবণসহ বিভিন্ন পণ্যের দাম কমাতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। একইসঙ্গে স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, হার্টের রিং পরানোর খরচ ১ লাখ ১০ হাজার টাকা থেকে কমিয়ে ৫৫ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে।
আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিকতার একটি স্মৃতিচারণও করেন আমান উল্লাহ আমান। তিনি বলেন, ওয়ান-ইলেভেনের সময় কারাগারে থাকাকালে শীতার্ত এক সেবককে নিজের জ্যাকেট খুলে দিয়েছিলেন তৎকালীন কারাবন্দী তারেক রহমান। গরিব মানুষের প্রতি তার এই সহমর্মিতার কারণে দেশ তার নেতৃত্বে নিরাপদ থাকবে বলে মন্তব্য করেন তিনি।
বিগত সরকারের সমালোচনা করে আমান বলেন, গত ১৭ থেকে ২০ বছরে স্বাস্থ্য ও শিক্ষা খাত অবহেলিত হয়েছে। তার নির্বাচনী এলাকায় ২০ শয্যার একটি হাসপাতাল নির্মাণ হলেও দীর্ঘদিন সেখানে চিকিৎসক নিয়োগ হয়নি, এমনকি হাসপাতালের বেডও সরিয়ে নেওয়া হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্যসেবা পুনরুদ্ধারে কাজ শুরু করেছে বলে জানান তিনি।
কৃষি খাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান আমান উল্লাহ আমান। একই সঙ্গে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলের ১৭ কিলোমিটার খাল পুনঃখননের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

