বরিশালের মেহেন্দিগঞ্জে চলন্ত লঞ্চের ছাদ থেকে কালাবদর নদীতে পড়ে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরপশ্চিম এলাকার ভোলাই বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর সংশ্লিষ্ট লঞ্চের রুট পারমিট বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
নিখোঁজ রাশেদুজ্জামান রানা (১৭) বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের বাবুল হাওলাদারের ছেলে। তিনি ঢাকার একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এনামুল হক জানান, পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রানা পরিবারের সদস্যদের সঙ্গে মেহেন্দিগঞ্জে এসেছিলেন। মঙ্গলবার সকালে তারা এমএল লিমা লঞ্চে বরিশালের উদ্দেশে রওনা দেন। লঞ্চটি লেঙ্গুটিয়া ঘাট ছাড়ার পর রানা ছাদে উঠে মোবাইল ফোন দেখছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান।
তিনি আরও জানান, বিষয়টি টের পেয়ে লঞ্চে হইচই শুরু হয়। কিছু দূর যাওয়ার পর পানিতে রানাকে দেখা গেলেও লঞ্চ ঘুরিয়ে এসে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। পরিবারের দাবি, রানা সাঁতার জানতেন। তবে পায়ে ভারী জুতা থাকায় তিনি স্রোতের সঙ্গে লড়তে পারেননি বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ সোলায়মান বলেন, লঞ্চের ছাদে যাত্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করায় দুর্ঘটনাটি ঘটেছে। এ কারণে এমএল লিমা লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। পাশাপাশি লঞ্চটি জব্দ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

