লঙ্কা পোড়াতে তৈরি আলিয়া-শর্বরী, ‘আলফা’ ট্রেলারে বড় চমক হৃতিক

0
লঙ্কা পোড়াতে তৈরি আলিয়া-শর্বরী, ‘আলফা’ ট্রেলারে বড় চমক হৃতিক

মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত স্পাই ইউনিভার্সের সিনেমা ‘আলফা’-এর ট্রেলার অবশেষে প্রকাশ পেয়েছে। কিছুদিন আগে সিনেমাটির টিজার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলেও, সদ্য উন্মোচিত ট্রেলারটি দিয়ে দর্শকদের সব আক্ষেপ দূর করে দিয়েছেন নির্মাতা। অ্যাকশন, ড্রামা আর রোমাঞ্চে ভরপুর এই ট্রেলারে আলিয়া ভাটের ‘সীতা’ থেকে ‘আলফা’ হয়ে ওঠার গল্প ফুটিয়ে তোলা হয়েছে, যার নেপথ্যে রয়েছেন ববি দেওল অভিনীত চরিত্র ‘ফতেহ’।

ট্রেলারের শুরুতেই দেখা যায় কাচের দেয়ালের ওপাশে থাকা একটি নবজাতক শিশুকে, যাকে ‘সীতা’ নাম দেন ফতেহ। এরপরই দ্রুতগতির ও স্টাইলিশ ভিজ্যুয়ালের মাধ্যমে দেখানো হয় কীভাবে শৈশব থেকেই মেয়েটিকে একজন নৃশংস ও মারাত্মক ঘাতক বা অ্যাসাসিন হিসেবে গড়ে তোলেন তিনি। ফতেহর একটিমাত্র ইশারাতেই যেকোনো লক্ষ্যবস্তুকে চোখের পলকে খতম করতে দ্বিধা করে না সে।

তবে এই গল্পে রামায়ণের চেনা আখ্যানকে একদম উল্টে দেওয়া হয়েছে। আলিয়ার ব্যাকগ্রাউন্ড ভয়েসওভারে শোনা যায় এক চরম হুঁশিয়ারি—‘একসময় এক রাক্ষস সীতাকে হরণ করেছিল। কিন্তু এবার সীতাকে উদ্ধার করতে কোনো রাম আসবে না, সীতা নিজেই লঙ্কা পুড়িয়ে ছারখার করে দেবে।’ নিজের বাবার নৃশংসতার বিরুদ্ধে মেয়ের এই যুদ্ধ ঘোষণার পটভূমিই মূলত এই ট্রেলারের মূল আকর্ষণ।

সিনেমায় আলিয়া ভাটের পাশাপাশি নজর কেড়েছেন আরেক বলিউড অভিনেত্রী শর্বরী। ট্রেলারে শুরুতে তাদের মধ্যে তুমুল হাতাহাতি ও শত্রুতার আভাস পাওয়া গেলেও, সময়ের সঙ্গে সঙ্গে তারা একে অপরের পরম বন্ধু ও সহযোদ্ধা হয়ে ওঠেন। বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুরকে দেখা গেছে এই দুই দুর্ধর্ষ এজেন্টকে দিকনির্দেশনা দেওয়ার ভূমিকায়। অন্যদিকে দেশদ্রোহী এক সাবেক স্পাইয়ের চরিত্রে ববি দেওলের প্রতিশোধপরায়ণ রূপ স্ক্রিনে বেশ ভালো উত্তেজনা তৈরি করেছে।

তবে ট্রেলারের সবচেয়ে বড় এবং অনাকাঙ্ক্ষিত চমকটি তোলা ছিল একদম শেষ মুহূর্তের জন্য। শেষ দৃশ্যে রহস্যময় সবুজ চোখ নিয়ে হাজির হন হৃতিক রোশন। ‘ওয়ার’ ও ‘ওয়ার টু’ সিনেমার জনপ্রিয় চরিত্র ‘মেজর কবির ধালিওয়াল’ হিসেবে একটি বিশেষ ক্যামিও চরিত্রে আলিয়া ও শর্বরীকে তাদের মিশনে সাহায্য করতে দেখা যাবে তাকে।

যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) স্পাই ফ্র্যাঞ্চাইজির সপ্তম এই সিনেমাটি পরিচালনা করেছেন ‘দ্য রেলওয়ে ম্যান’ খ্যাত শিব রাওয়াইল। এর আগে গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের এপ্রিলে সিনেমাটি মুক্তির কথা থাকলেও ভিএফএক্সের কাজ নিখুঁত করার জন্য এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছিল। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শকদের একটি দারুণ থিয়েটার অভিজ্ঞতা উপহার দিতেই তারা কোনো তাড়াহুড়ো করতে চাননি। অবশেষে আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে ‘আলফা’।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here