নিজেদের মাঝমাঠের ঘাটতি মেটাতে আগামী গ্রীষ্মকালীন দলবদলে অরেলিয়েন চুয়ামেনির ওপর বিশেষ নজর রাখছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত বছর আক্রমণভাগ এবং গোলরক্ষক পজিশন ঠিক করার পর এবার ম্যানইউয়ের মূল লক্ষ্য হলো মাঝমাঠকে ঢেলে সাজানো। আর সেই লক্ষ্যে রিয়াল মাদ্রিদের ফরাসি মিডফিল্ডার চুয়ামেনিকে দলে চাইছে ক্লাবটি।
এছাড়া, প্রিমিয়ার লিগের অভিজ্ঞতাসম্পন্ন আরও তিনজন খেলোয়াড়ের ওপর নজর রাখছে রেড ডেভিলসরা। এর মধ্যে নটিংহ্যাম ফরেস্টের এলিয়ট অ্যান্ডারসন, ব্রাইটনের কার্লোস বালেবা ও ক্রিস্টাল প্যালেসের অ্যাডাম ওয়ার্টনের নাম নিয়মিত আলোচনায় আসছে। তবে ওয়ার্টনের খেলার ধরন তরুণ তারকা কোবি মাইনুর মতো হওয়ায় তাকে নিয়ে কিছুটা সংশয় আছে। তাই ইউনাইটেড এখন প্রিমিয়ার লিগের বাইরের লিগগুলোর দিকেও চোখ রাখছে। সেই ধারাবাহিকতায ২৬ বছর বয়সী চুয়ামেনি তাদের রাডারে রয়েছেন।
চুয়ামেনির সঙ্গে রিয়ালের ২০২৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তবে এবারের মৌসুমটি রিয়ালের জন্য বেশ হতাশাজনক ছিল। কোনো ট্রফি ছাড়াই মৌসুম শেষ করতে যাচ্ছে তারা। এই পরিস্থিতিতে সান্তিয়াগো বার্নাব্যুতে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ভালো প্রস্তাব পেলে রিয়াল চুয়ামেনিকে বিক্রি করতে রাজিও হতে পারে। ২০২২ সালেও তাকে চেয়েছিল ইউনাইটেড। কিন্তু তখন তিনি রিয়ালকে বেছে নিয়েছিলেন।
ক্যাসেমিরো ও জেডন সানচোর মতো চড়া বেতনের খেলোয়াড়রা ক্লাব ছাড়তে যাওয়ায় ইউনাইটেডের বেতন কাঠামোতে এখন যথেষ্ট জায়গা তৈরি হয়েছে। এছাড়া, বার্সেলোনা যদি ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে লোনে থাকা ম্যানইউয়ের ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ডকে কিনে নিলে দলবদলের বাজারে ইউনাইটেডের বাজেট আরও বাড়বে। আর সেই সুযোগে মাঝমাঠে ক্যাসেমিরোর অভাব পূরণে চুয়ামেনিকে দলে ভেড়াতে চায় ম্যানইউ।

