উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়ার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে বিভিন্ন গুঞ্জন। সান্তিয়াগো বানার্ব্যুতে নতুন কোচ হিসেবে হোসে মরিনহোর ফেরার খবরের মাঝে মুখ খুলেছেন আরবেলোয়া। তার সাফ কথা, ক্লাবে থাকা না থাকা তার ওপর নির্ভর করছে না। আর এটা নিয়ে চিন্তাও করছেন না তিনি।
মঙ্গলবার লা লিগার ম্যাচে আলাভেসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।
এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে আরবেলোয়া বলেন, ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া আমার দায়িত্ব নয়। আমি আমার ভবিষ্যৎ নিয়ে মোটেও চিন্তিত নই। আমার পুরো মনোযোগ লিগের বাকি সাতটি ম্যাচে, বিশেষ করে আগামীকালের খেলা। ক্লাবের সাথে আমার পুরো যোগাযোগ আছে এবং চমৎকার সম্পর্কও আছে।
চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে হার নিয়ে তিনি বলেন, আমি নিজেকে একজন শক্তিশালী ও শক্তিসম্পন্ন মানুষ মনে করি। বুধবারের ম্যাচে দল যেভাবে খেলেছে তার জন্য আমি গর্বিত। বায়ার্ন আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে, এটাই সাধারণ মানুষের অনুভূতি। আমি বিশ্বাস করি বার্নাব্যুর সমর্থকরা আমাদের পাশেই থাকবে।
লিগে বর্তমানে বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। আলাভেসকে হারালে এই ব্যবধান ৬-এ নেমে আসবে। তবে হাতে আছে মাত্র ৭টি ম্যাচ। আরবেলোয়ার মতে, বাকি সাতটি ম্যাচ যতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, তার চেয়েও বেশি চ্যালেঞ্জিং। আমাদের কাল প্রমাণ করতে হবে আমরা কতটা শক্তিশালী।
এদিকে, স্প্যানিশ মিডিয়াগুলোতে খবর উঠে এসেছে যে, আরবেলোয়াকে সরিয়ে আবারও জোসে মরিনহোকে কোচ করে নিয়ে আসতে চায় রিয়াল ম্যানেজমেন্ট। তবে এসব গুঞ্জনকে পাত্তা না দিয়ে মাঠের লড়াইয়েই মনোযোগী থাকতে চান আরবেলোয়া।

