রাজবাড়ীতে গলায় ফাঁস দিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে জেলার পৌরসভা এলাকায় কলেজপাড়ার সাব্বির মেসে এমন ঘটনা ঘটে।
নিহত ফাহিম (২০) জেলার সদর উপজেলার বড় লক্ষ্মীপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে মেস থেকে খাবার খেয়ে রুমে ঘুমাতে যায় ফাহিম। শুক্রবার সকাল ৯টার দিকে বন্ধুরা ঘুম থেকে ওঠার জন্য অনেক ডাকাডাকি করে। রুম থেকে কোন শব্দ না পেয়ে বারান্দা থেকে দেখতে পায় ছাদের দড়ির সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে ফাহিম। পরে রুমের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে পুলিশ।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ফাহিম নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

