রাজধানীতে কাঁচাবাজারগুলোতে সবজির দামে এই সপ্তাহে কিছুটা নরমভাব দেখা গেছে। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে কয়েকটি সবজির দামও কমেছে। সদ্য ঘোষিত বাজেটে বাজারে বড় কোনো প্রভাব না পড়ায় এবং কিছু নিত্যপণ্যের চড়া ভাব কমায় কিছুটা স্বস্তি দেখা গেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে বাজারে গাজর, টমেটো এবং কাঁচা মরিচের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। শুক্রবার এমন চিত্র দেখা গেছে রাজধানীর মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়া কাঁচাবাজারে।
এসব বাজার ঘুরে জানা যায়, গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির সরবরাহ ভালো থাকায় দাম কিছুটা কমেছে। বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৪০ টাকায়, ঢেঁড়স মিলছে ৩০ থেকে ৪০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৫০ টাকা এবং বরবটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। কমতির দিকে রয়েছে পেঁপে, যা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে, বাজারে দেশি শসা ৮০ টাকা এবং হাইব্রিড ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে উল্টো চিত্র দেখা গেছে বেগুনের বাজারে।
সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ৩০ থেকে ৪০ টাকা বেড়ে লম্বা ও গোল বেগুন প্রকারভেদে ৭০ থেকে ১২০ টাকা, গাজর ১৪০ টাকা, টমেটো ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ গত সপ্তাহে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হলেও চলতি সপ্তাহে আবার কিছুটা বেড়ে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। দেশি পেঁয়াজ ৪৫ টাকা এবং ক্রস পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া রসুন দেশি ৮০ থেকে ১০০ টাকা, ভারত থেকে আমদানি করা রসুন ১৬০ থেকে ১৮০ টাকা এবং আদা ১৬০ থেকে ১৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
সপ্তাহের ব্যবধানে লাল ও সাদা ডিমের দাম ডজনে প্রায় ১০ টাকা কমেছে। বাজারে লাল ডিম ১২০ টাকা এবং সাদা ডিম ১১০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহেও ছিল ১২০ থেকে ১৩০ টাকা। বাজারে ব্রয়লার মুরগির কেজি বাজারভেদে ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালী কক মুরগি এখন ৩৪০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাংসের বাজারে গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা, খাসির মাংস ১৩০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
মাছের বাজারে মাঝারি আকারের রুই ৩০০ থেকে ৪০০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২৩০ টাকা এবং পাঙ্গাশ ১৮০ থেকে ২০০ টাকা, কই মাছ ২২০ টাকা, চিংড়ি মাছ ৮০০ থেকে ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এখনো চড়া ভাব কাটেনি ইলিশের বাজারে।

