রাঙামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

0
রাঙামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

রাঙামাটিতে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। মঙ্গলবার সকাল ৯টায় ‌‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির আয়োজন করেছে রাঙামাটি জেলা লিগ্যাল এইড কমিটি। 

দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রাঙামাটি কোর্ট বিল্ডিং থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও কোর্ট বিল্ডিং মাঠে গিয়ে শেষ হয়। এরপর আনুষ্ঠানিক আলোচনা সভা শুরু হয়।

রাঙামাটি জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং রাঙামাটির সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আহসান তারেকের সভাপতিত্বে এতে রাঙামাটি জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহাবুবুর রহমান, রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, রাঙামাটি জেলা চিফ লিগ্যাল এইড কর্মকর্তা ও যুগ্ম জেলা ও দায়রা জজ এ এস এম এমরান, রাঙামাটি জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী জজ মো. আমানত উল্লাহ শাহিন, রাঙামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ আলম চৌধুরী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ তফাজ্জল হাসান হিরু, রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি মিহির বরণ চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক বলেন, সুবিধাবঞ্চিত মানুষের আইনের সুবিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কাজ করে যাচ্ছে। কারণ, টাকার অভাবে অনেকে পারিবারিক দ্বন্দ্ব ও সহিংসতা সমস্যায় আইনগত সহায়তা না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের জন্য সরকার বিনামূল্যে আইনি সহায়তা ব্যবস্থা করেছে। লিগ্যাল এইডের আইনি সহায়তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পরে বিশেষ অবদান রাখার জন্য দুজন আইনজীবীকে সেরা প্যানেল আইনজীবী হিসেবে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ছাড়া আদালত চত্বরে দিনব্যাপী চলে লিগ্যাল এইডের আইনগত সহায়তা মেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here