রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব তাকে এই পদে নিয়োগ প্রদান করেন।
এ খবরে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী মহল সন্তোষ প্রকাশ করেছে। তাকে অভিনন্দন জানিয়েছেন রংপুর মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন সামসুজ্জামান সামু। তিনি বর্তমানে রংপুর মহানগর বিএনপি-এর আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ওআইসির শীর্ষ সম্মেলনে সেনেগাল সফর করেন।

