যে কীর্তিতে শান্তর ওপরে শুধু ব্র্যাডম্যান ও হেডলি

0
যে কীর্তিতে শান্তর ওপরে শুধু ব্র্যাডম্যান ও হেডলি

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত শতক তুলে নিয়ে শুধু দলকেই বিপদমুক্ত করেননি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, নিজের নামও লিখিয়েছেন টেস্ট ক্রিকেটের বিরল এক কীর্তিতে। ফিফটি পেরিয়ে সেটিকে শতকে রূপ দেওয়ার দক্ষতায় এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার তিনি।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্তত ১৫টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন এমন ব্যাটারদের মধ্যে শতকে রূপান্তরের হারে শান্তর ওপরে আছেন কেবল দুই কিংবদন্তি, ডন ব্র্যাডম্যান ও জর্জ হেডলি।

পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্র্যাডম্যান তার পঞ্চাশোর্ধ ইনিংসের ৬৯ দশমিক ৫ শতাংশকে শতকে রূপ দিয়েছিলেন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি জর্জ হেডলি ৬৬ দশমিক ৬৭ শতাংশ ক্ষেত্রে ফিফটিকে শতকে পরিণত করেছেন।

মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে শতক করার পর নাজমুল হোসেন শান্তর শতকে রূপান্তরের হার দাঁড়িয়েছে প্রায় ৪৬ দশমিক ৬ শতাংশে। তার ১৫টি পঞ্চাশোর্ধ ইনিংসের মধ্যে ৭টিই এখন শতকে রূপ নিয়েছে। এই তালিকায় শান্তর পরে অবস্থান ভারতের দুই ব্যাটার শিখর ধাওয়ান ও শুভমান গিল–এর।

শান্তর এই পরিসংখ্যান স্পষ্ট করে, উইকেটে থিতু হতে পারলে ইনিংস বড় করার প্রবল মানসিকতা রয়েছে তার মধ্যে। আধুনিক ক্রিকেটের অনেক প্রতিষ্ঠিত ব্যাটারকে পেছনে ফেলে এই তালিকায় তিন নম্বরে উঠে আসা বাংলাদেশের ক্রিকেটের জন্যও বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

মিরপুর টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে দাপট দেখিয়েছে বাংলাদেশ। দিন শেষে ৪ উইকেটে ৩০১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। দলের হয়ে শতক করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১০১ রান করে আউট হন তিনি। আরেক অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক খেলেছেন ৯১ রানের দারুণ ইনিংস। দিনের খেলা শেষে ৪৮ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম।

পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন চারজন বোলার। তবে প্রথম দিনের পুরোটা সময়ই ব্যাট হাতে দাপট দেখিয়েছে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here