এইতো কিছুদিন আগে মুখে মারাত্মকভাবে বলের আঘাতে চোটে পড়েন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। একটু এদিকসেদিক হলেই চোখে আঘাত করতো বল, যা আরও লম্বা সময়ের জন্য স্টোকসকে মাঠের বাইরে নিয়ে যেত।
মুখে বলের আঘাত পাওয়ার পর দীর্ঘদিন মাঠের বাইরে কাটাতে হয়েছে বেন স্টোকসকে। এখনও মাঠের বাইরেই আছেন তিনি। তবে নিচ্ছেন ফেরার প্রস্তুতি। সাথে বলের আঘাতে আরও খারাপ কিছু হতে পারত ভেবে নিজেকে এখন ভাগ্যবানও মনে করছেন স্টোকস।
সম্প্রতি ইসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংলিশ টেস্ট অধিনায়ক বেন স্টোকস বলেছেন, ‘বলটা সরাসরি আমার মুখে আঘাত করে। খুবই মারাত্মক ছিল, তবে মজার ব্যাপার হলো, খারাপ পরিস্থিতির মধ্যে এটাই হয়তো ভালো ফল ছিল।’
স্টোকস আরও বলেন, ‘যদি মাথা না ঘোরাতাম, কয়েক ইঞ্চি এদিক-সেদিক হলেই সম্ভবত এই সাক্ষাৎকার দিতে পারতাম না। যদিও এটা ঠিক করতে মুখে বড় ধরণের অস্ত্রোপচার করাতে হয়েছে, সব কিছু বিবেচনা করলে, আমি ভাগ্যবান ছিলাম, এর জন্য কৃতজ্ঞ। ভীতিকর পরিস্থিতি ছিল, তবে ভাগ্যক্রমে আমি এখনও এখানে আছি এবং সবকিছু ঠিক আছে।’
স্টোকসের মতে, ‘এটা (বলের আঘাতে পাওয়া চোট) স্পষ্টভাবেই আমাকে প্রায় এক মাস পিছিয়ে দিয়েছে, কারণ মৌসুমের শুরুতে ডারহামের হয়ে খেলার জন্য যে অবস্থায় থাকতে চেয়েছিলাম, সেখানে ফিরতে সময় লেগেছে। তাই আমাকে দ্রুত আবার নতুন করে পরিকল্পনা করতে হয়েছে, যাতে টেস্টের গ্রীষ্মের মৌসুম শুরুর আগে ডারহামের হয়ে কয়েকটি ম্যাচ খেলার জন্য নিজেকে প্রস্তুত করতে পারি।’
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। ৪ জুন লর্ডস টেস্ট দিয়ে শুরু হবে মাঠের লড়াই।

