যেভাবে বারান্দার গ্রিলে আটকে গেল চোর

0
যেভাবে বারান্দার গ্রিলে আটকে গেল চোর

কুমিল্লা নগরীর আদালত সংলগ্ন এলাকায় একটি বাসায় চুরি করে পালানোর সময় বারান্দার লোহার গ্রিলে আটকা পড়েছেন এক তরুণ। তার শরীরের অর্ধেক অংশ গ্রিলের বাইরে এবং বাকি অংশ ভেতরে আটকা পড়ে। 

ওই তরুণ মো. মারজান হোসেন জিহাদ (২২) নগরীর ছোটরা এলাকার আবদুল বারেকের ছেলে। ভবনটির মালিক মোহাম্মদ আলী। ওই ভবনের নিচতলায় একটি ভাড়াটে পরিবার বসবাস করে, সেখানেই চুরি করতে গিয়ে জিহাদ আটকা পড়েন।

কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকায় আদালতের পূর্ব পাশে একটি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। সোমবার এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভবনের বারান্দার গ্রিলে জিহাদ আটকে আছেন। জিহাদ বের হওয়ার জন্য চেষ্টা করছেন। উৎসুক মানুষ তাকে দেখছেন। এ সময় তাকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘স্যার, আমি বের হতে পারছি না। আমার একটি বাচ্চা আছে।’ প্রায় আধা ঘণ্টা আটকে থাকার পর স্থানীয় লোকজন তাকে গ্রিল থেকে বের করেন। 

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী আবদুল খালেক জানান, রবিবার দুপুরে ওই বাসায় চিৎকার শুনে তারা গিয়ে দেখেন এক যুবক গ্রিলের ফাঁকে আটকে আছেন। তিনি চুরির উদ্দেশ্যে গ্রিলের ফাঁক দিয়ে ভেতরে ঢুকেছিলেন। তাকে বের করে পুলিশে সোপর্দ করা হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার সোমবার সন্ধ্যায় জানান, আটকে পড়া যুবককে উদ্ধার করা হয়েছে। ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ২০ দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here