যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনা ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশ
পাকিস্তানের মাধ্যমে ১৪ দফার একটি সর্বশেষ প্রস্তাব জমা দিয়েছে ইরান।
আলোচনাকারী দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।
এতে বলা হয়েছে, ইরান পাকিস্তানের মাধ্যমে ১৪ দফার একটি সর্বশেষ প্রস্তাব জমা দিয়েছে। এতে যুদ্ধ অবসান এবং পারস্পরিক আস্থা ফিরিয়ে আনার ওপরই তেহরান সবচেয়ে বেশি জোর দিচ্ছে।
উল্লেখ্য-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতির অচলাবস্থা দূর করতে এবং স্থবির শান্তি আলোচনায় গতি ফেরানোর লক্ষ্যে আকস্মিক সফরে এখন তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তাঁর সফরের মেয়াদ বাড়িয়ে তৃতীয় দিনে পদার্পণ করার পরই এই খবরটি সামনে এলো।
এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পূর্ববর্তী প্রস্তাবের জবাবে ১৪ দফার একটি লিখিত বার্তা পাঠানো হয়েছিল। বর্তমানে চলমান সেই বার্তা বিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবেই ইরান এখন তাদের এই সংশোধিত প্রস্তাবটি একই পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে পুনরায় জমা দিয়েছে।
ইরানের নতুন এই সংশোধিত প্রস্তাবে চলমান যুদ্ধ বন্ধে ফলপ্রসূ আলোচনা এবং দুই পক্ষের মধ্যে আস্থা তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঠিক কী ধরনের পদক্ষেপ প্রত্যাশা করা হচ্ছে, সেই বিষয়গুলোর ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
সূত্র : আল-জাজিরা।

