যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ট্রাকচাপায় বরিশালের উজিরপুর উপজেলার এক প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন মৃধা (৫৫) উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠি গ্রামের বাসিন্দা এবং মৃত মেছের উদ্দিন মৃধার ছেলে। প্রায় ১৫ বছর আগে ডিভি লটারি পেয়ে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি পেট্রোল পাম্পসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
নিহতের স্বজন হেমায়েত হাওলাদার জানান, স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ফ্লোরিডায় বসবাস করতেন কবির হোসেন মৃধা। শনিবার সকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী রুমা আক্তারের বরাত দিয়ে তিনি আরও জানান, জীবদ্দশায় কবির হোসেন মৃধা ইচ্ছা প্রকাশ করেছিলেন, মৃত্যুর পর যেন তার মরদেহ দেশে এনে গ্রামের বাড়িতে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়। তার সেই ইচ্ছা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে আনা হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের মাঝে। তারা মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন।

