যুক্তরাষ্ট্রে কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯

0
যুক্তরাষ্ট্রে কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি কাগজ উৎপাদন কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ জন। শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এক খবর জানিয়েছে। 

ওয়াশিংটন অঙ্গরাজ্যের লংভিউ শহরে অবস্থিত ওই কারখানায় মঙ্গলবার বিপুল পরিমাণ ক্ষারীয় ও বিষাক্ত রাসায়নিক ভর্তি ট্যাংক বিস্ফোরিত হয়ে ধসে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনার পরপরই ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়।

নিপ্পন ডিনাওয়েভ প্যাকেজিং কম্পানি ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, আকস্মিক এ বিস্ফোরণে বেশ কয়েকজন গুরুতর হতাহত হয়েছেন এবং পুরো শিল্প স্থাপনাটির ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। বিস্ফোরণের পরপরই লংভিউ ফায়ার ডিপার্টমেন্ট ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

ফায়ার ডিপার্টমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় জানিয়েছে, উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে এবং হতাহতদের পরিবারের অবস্থা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তাদের নাম বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। তবে স্থানীয় প্রশাসন আশ্বস্ত করেছে, কারখানার অভ্যন্তরীণ এ দুর্ঘটনার ফলে আশপাশের আবাসিক এলাকার বাসিন্দাদের কোনো ক্ষয়ক্ষতি কিংবা বিপদের আশঙ্কা নেই। সূত্র: বিবিসি, ইউএসএ টুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here