যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়মের অভিযোগ ইরানের

0
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়মের অভিযোগ ইরানের

ফুটবল বিশ্বকাপে ইরানি সমর্থকদের উপস্থিতি বাধাগ্রস্ত করতে টিকিট নিয়ে অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইরান।

ইরান ফুটবল ফেডারেশনের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি ফার্সি জানিয়েছে যে, ইরানের সমর্থকদের কাছে টিকিট বিক্রির জন্য, দেশটির ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দেওয়া কোটা বাতিল করা হয়েছে।

তাদের অভিযোগ, বিশ্বকাপের খেলা শুরু হতে তিন দিনেরও কম সময় বাকি থাকতে যুক্তরাষ্ট্র “২৩তম বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরান জাতীয় দলের তিনটি ম্যাচের ভেন্যুতে ইরানি সমর্থকদের উপস্থিতি বাধাগ্রস্ত করার” চেষ্টা করছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপের প্রতিটি ম্যাচের টিকিটের প্রায় ৮ শতাংশ সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনকে বরাদ্দ করা হয়, যাতে সমর্থকরা অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে তা কিনতে পারেন।

ইরান ফুটবল ফেডারেশনও সেই অনুযায়ী জাতীয় দলের ম্যাচের টিকিট বিক্রি শুরু করেছিল, কিন্তু এখন জানানো হয়েছে যে সেই কোটা প্রত্যাহার করা হয়েছে এবং বর্তমানে ফেডারেশনের মাধ্যমে টিকিট বিক্রি করা সম্ভব হচ্ছে না।

ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, ইরানি সমর্থকদের এই আইনি ও অফিসিয়াল টিকিট কোটা থেকে বঞ্চিত করা “আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল চেতনা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমতার নীতির পরিপন্থী।”

এ বিষয়ে ফিফা বা মার্কিন আয়োজকদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ইরানের কিছু সাপোর্ট স্টাফের যুক্তরাষ্ট্র প্রবেশে বাধার কথাও উল্লেখ করেছিল ইরান ফুটবল ফেডারেশন।

আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে ইরান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here