যাত্রীর চাপকে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

0
যাত্রীর চাপকে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ও আশপাশের এলাকা থেকে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে দেশের বিভিন্ন মহাসড়কে। বিশেষ করে গার্মেন্টস কারখানাগুলোতে ছুটি শুরু হওয়ায় দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলমুখী যাত্রীদের ভিড়ে ব্যস্ত হয়ে উঠেছে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-আরিচা মহাসড়কসহ পাটুরিয়ামুখী সড়কপথ। এই সুযোগে বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন যাত্রীরা।

মঙ্গলবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড ও শিমরাইল মোড়ে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গার্মেন্টস শ্রমিকরা। পরিবার নিয়ে ঈদ উদযাপনের উদ্দেশ্যে গ্রামের পথে রওনা হলেও বাস সংকট, দীর্ঘ অপেক্ষা ও বাড়তি ভাড়ার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

মানিকগঞ্জের সাটুরিয়াগামী গার্মেন্টস কর্মী মামুন আব্দুল্লাহ জানান, সাধারণ সময়ে শিমরাইল মোড় থেকে পাটুরিয়া পর্যন্ত ভাড়া ২৩০ টাকা হলেও এখন নেওয়া হচ্ছে ৪০০ টাকা। দীর্ঘ সময় অপেক্ষা করেও সহজে বাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

যাত্রীদের অভিযোগ, মোহাম্মদপুরগামী রজনীগন্ধা পরিবহন ও শ্রাবণ ট্রান্সপোর্টসহ কয়েকটি পরিবহন নির্ধারিত ভাড়ার তুলনায় অনেক বেশি টাকা আদায় করছে।

তবে পরিবহন সংশ্লিষ্টদের দাবি, ঈদকে ঘিরে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় এবং যানজটের কারণে স্বাভাবিকের তুলনায় কম ট্রিপ দেওয়া সম্ভব হচ্ছে। শ্রাবণ ট্রান্সপোর্টের একটি বাসের কন্ট্রাক্টর সোহেল মিয়া বলেন, যাত্রীর অতিরিক্ত চাপ ও সড়কের পরিস্থিতির কারণে ভাড়া কিছুটা বাড়ানো হয়েছে। ঈদের সময় সাধারণত ভাড়া বাড়তি থাকে বলেও মন্তব্য করেন তিনি।

আরেক গার্মেন্টস কর্মী শরীফ হোসেন বলেন, ছুটি পাওয়ার পর সকাল থেকেই বাড়ি যাওয়ার চেষ্টা করছেন। আগে যে রুটে ২৩০ টাকায় যাওয়া যেত, সেখানে এখন ৪০০ টাকা ভাড়া চাওয়া হচ্ছে, যা শ্রমিকদের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে।

শুধু পাটুরিয়া রুট নয়, শিমরাইল মোড় থেকে চাঁদপুর, মতলব, কুমিল্লা, দাউদকান্দি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট বিভাগের বিভিন্ন রুটেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ, আশুগঞ্জ, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও সুনামগঞ্জগামী যাত্রীরাও একই অভিযোগ করেছেন।

যাত্রীদের ভাষ্য, ঈদের বাড়তি চাপকে পুঁজি করে কিছু পরিবহন শ্রমিক ও বাস কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করছে। প্রতি বছর ঈদকে ঘিরে একই ধরনের পরিস্থিতি তৈরি হলেও কার্যকর নজরদারির অভাব রয়েছে বলে অভিযোগ তাদের।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ঈদ উপলক্ষে সকাল থেকেই মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও যেন দীর্ঘ যানজট তৈরি না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here