যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আনিছুর রহমান মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে বুধবার (৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
নিহত আনিছুর রহমান নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান ‘জয়েন্ট ট্রেডিং’-এর মালিক ছিলেন। তিনি নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, নওয়াপাড়া বাজারে আনিছুর রহমানের মালিকানাধীন ‘আনিছ প্লাজা’ নামে একটি মার্কেট রয়েছে। ওই মার্কেটের একটি দোকান ভাড়া নিতে চেয়েছিলেন নওয়াপাড়া পীর বাড়ি এলাকার শাহ মাহামুদ নামের এক ব্যক্তি। তবে আনিছুর রহমান তাকে দোকান ভাড়া দিতে অস্বীকৃতি জানান। এর জের ধরে বুধবার সন্ধ্যা ৭টার দিকে একদল দুর্বৃত্ত আনিছুর রহমানের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়দের ধারণা, দোকান ভাড়া সংক্রান্ত বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে আনিছুর রহমানের মরদেহ নওয়াপাড়ার বাড়িতে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ব্যবসায়ী মহলেও এ ঘটনায় চরম উদ্বেগ দেখা দিয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, ব্যবসায়ীর ওপর হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন শাহ মাহামুদ পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহত আনিছুর রহমানের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

