
আফগানিস্তানকে হারিয়ে লজ্জাজনক হোয়াইটওয়াশ থেকে বাঁচল বাংলাদেশ। তবে প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন টাইগার বোলাররা। ম্যাচ শেষে তাদের সেই কৃতিত্ব দিতে ভোলেননি ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে ১২৬ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। জবাব দিতে নেমে ২৩ ওভার ৩ বলে সাত উইকেট হাতে রেখে জয় পায় স্বাগতিকরা।
বল হাতে আজ আগুন ঝরিয়েছেন শরিফুল ইসলাম। ৯ ওভারে মাত্র ২১ রান খরচে ৪ উইকেট ঝুলিতে তুলেছেন এই পেসার। তার দুর্দান্ত বোলিংয়ে ৩ রানে দুই উইকেট হারায় আফগানিস্তান। সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি তারা।
সফলতা পেয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদও। ২৩ রানে ২ উইকেট পেয়েছেন তিনি। বাকি উইকেট তিন স্পিনার মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম (দুটি) ভাগ করে নিয়েছেন।
বোলারদের এমন সাফল্য নিয়ে লিটন বলেন, শরিফুল এবং তাসকিন নতুন বল দারুণভাবে ব্যবহার করেছে। মাঝের ওভারগুলোতে স্পিনাররাও দারুণ বোলিং করেছে। সব কৃতিত্ব বোলারদের। অবশ্যই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজে যাব আমরা।
উল্লেখ্য, প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে আফগানিস্তান।

