স্প্যানিশ লা লিগায় শিরোপা জয়ের পথে ছুটছে বার্সেলোনা। নিজেদের শেষ ম্যাচে সেল্তা ভিগোকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করেছে কাতালানরা। তবে, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলের তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। ফলে মৌসুমের বাকি ম্যাচগুলোতে তাকে পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছেন কোচ হ্যান্সি ফ্লিক।
বুধবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ইয়ামালের গোলেই সেল্তাকে ১-০ গোলে হারিয়েছে বার্সা।
ম্যাচের ৩৯ মিনিটে সেল্তার বক্সে ইয়ামাল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। বাঁ পায়ের শটে স্পটকিক থেকে গোল করার পর মাঠেই শুয়ে পড়েন ইয়ামাল। বাঁ পায়ে অস্বস্তি অনুভব করায় বিরতির আগেই বার্সার মেডিকেল দলের সহায়তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। বদলি হিসেবে কেউ নামার আগেই চিকিৎসার জন্য সরাসরি টানেল দিয়ে ড্রেসিংরুমের দিকে চলে যেতে দেখা যায় তাকে।
ইএসপিএনকে ক্লাবের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক লক্ষণ দেখে মনে হয়েছে ইয়ামালের হ্যামস্ট্রিংয়ের পেশি ছিঁড়ে গেছে। তবে চোট কতটা গুরুতর স্ক্যান রিপোর্টের পর তা নিশ্চিত হওয়া যাবে। সাধারণত ফোলা না কমা পর্যন্ত এই স্ক্যান করা যায় না।
চোট গুরুতর হলে বার্সেলোনার হয়ে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে যেতে পারেন ইয়ামাল। এছাড়া, স্পেনের জার্সিতে বিশ্বকাপে অংশ নিতে পারবেন কিনা সেটিও শঙ্কা রয়েছে। আগামী ১৫ জুন কেপ ভার্দের মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন।
বার্সার জয়ের পর ইয়ামালের চোট নিয়ে কোচ ফ্লিক বলেন, আমাদের অপেক্ষা করতে হবে। চোট কতটা গুরুতর, তা খতিয়ে দেখতে হবে। আশা করছি চোট খুব একটা গুরুতর হবে না। তবে বিস্তারিত জানতে আমাদের বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
লা লিগায় ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। দুই দলেরই হাতে আছে আর ৬টি করে ম্যাচ। আগামী ১০ মে ক্যাম্প ন্যুতে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সা ও রিয়াল। শিরোপা জয়ের লড়াইয়ে ইয়ামালকে এই মুহূর্তে হারানো বার্সার জন্য বড় ধাক্কা।
চলতি মৌসুমে চোটের কারণে খুব একটা মাঠের বাইরে থাকতে হয়নি ইয়ামালকে। সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত ৪৫ ম্যাচে ২৪ গোল করেছেন এই উইঙ্গার। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭টি গোল।

