আসন্ন বর্ষা মৌসুমে মোংলা পোর্ট পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে সরকারি ঠাকুরানী খালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে পৌর শহরের কবরস্থান রোড এলাকা থেকে নিজেই আবর্জনা পরিষ্কারের মধ্যদিয়ে এই খালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মোংলা পৌর শহরের প্রাণ সরকারি ঠাকুরানী খালের জীবন ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করা হয়েছে। আমি আমার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চলেছি, এখন খালের ময়লা অপসারণ করা হচ্ছে। খাল খনন ও খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শীঘ্রই খালটির প্রাণ ফিরিয়ে আনা হবে। আমাদের খাল, আমাদেরকেই উদ্ধার করতে হবে।
তিনি আরও বলেন, ঠাকুরানী খালের ১১টি স্পট চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। শুধু ঠাকুরানী নয়, শহর ও শহরের বাহিরের বেদখল হওয়া মৃতপ্রায় সব খালই উদ্ধার করা হবে।
এ সময় আরও ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ অন্যান্যরা।

