মোংলায় এক নারীকে পিটিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় কয়েক যুবক। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী নারী।
থানায় দায়েরকৃত অভিযোগের বিবরণে জানা যায়, পৌর শহরতলীর মাছমারা এলাকার বাসিন্দা নাজমা রায়হানের (৪৫) সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো একই এলাকার মানিক তালুকদার, তারেক ব্যাপারী ও রিংকু হালদারের মধ্যে। পূর্ব শত্রুতার জের ধরে তারা রবিবার দুপুরে নাজমার বাড়ীতে ঢুকে হামলা ও ভাঙচুর করতে থাকে।
এ সময় নাজমা ঘর থেকে বের হয়ে এলে হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে তাকে উপুর্যুপরি পিটাতে থাকে। এতে তার মুখ, হাত, পা ও পিঠের বিভিন্ন জায়গা মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার পর বিকেলে নাজমা বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযাগ দায়ের করেছেন।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

